চকরিয়ায় আ.লীগ নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী সেতু এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে আবদুল মজিদ (৬৮) নামের আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
আবদুল মজিদ চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কাহারিয়াঘোনার খোন্দকারপাড়ার বাসিন্দা।
আবদুল মজিদের স্ত্রী নুরুচ্ছাফা বেগম বলেন, তাঁর স্বামী সৌদিপ্রবাসী এক ব্যক্তির জায়গাজমি ও মাছের ঘের দেখাশোনা করতেন। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ওই ব্যক্তি তাঁর স্বামীকে ফোন করে বলেন তাঁর (প্রবাসী) জায়গা দুর্বৃত্তরা দখল করার চেষ্টা করছে। এ খবর পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। কিন্তু ভোর হতে চললেও ফিরে না আসায় তিনি মেয়ে তসলিমাকে নিয়ে মজিদকে খুঁজতে বের হন। পরে বাটাখালী সেতুর পাশে মজিদকে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মজিদের মেয়ে তসলিমা আকতার বলেন, তাঁর বাবার সঙ্গে কিছু ব্যক্তির জায়গাজমি নিয়ে বিরোধ আছে। এ বিরোধের জের ধরে কেউ কৌশলে তাঁর বাবাকে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, আবদুল মজিদকে পরিকল্পিভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, মজিদের চোয়ালে ও গলায় আঘাতের চিহ্ন আছে। তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।