কক্সবাজারে আওয়ামী লীগ নেতার লাশ

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোর ছয়টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়ায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিচালিত অটোরিকশার একজন চালককে আটক করা হয়েছে।
উদ্ধার করা লাশটি সাহাবউদ্দিন ফরায়েজীর। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত সাহাবউদ্দিন হাজি বাজারে আড্ডা দেন। বাজার থেকে অটোরিকশা নিয়ে তিনি বটতলী এলাকায় যান। সেখানে অটোরিকশা চালক জসিম উদ্দিনকে দাঁড় করিয়ে রেখে এক ব্যক্তির বাসায় যান সাহাবউদ্দিন। এ সময় বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সাহাবউদ্দিন ফিরে না আসায় অটোরিকশা চালক বাড়ি চলে যান।
সাহাবউদ্দিনের ছেলে মেহেদি হাসান ফরায়েজী বলেন, রাতে তাঁর বাবা বাড়ি ফিরে না আসায় অনেক জায়গায় খোঁজ নিতে থাকেন। আজ সকালে স্থানীয় লোকজন বটতলী ছড়ায় সাহাবউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন।
মেহেদি হাসানের অভিযোগ, তাঁর বাবাকে কেউ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁর বাবার মুখের দাঁড়ি, বুকের পশম ও দুই পায়ের ঊরুতে পোড়া দাগ দেখা গেছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ ভোরে বটতলী ছড়া থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের সময় অনাবৃত ছিল।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরের কিছু কিছু অংশে পোড়া দাগের মতো দেখা গেছে। বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।