চকরিয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকা থেকে দুটি অস্ত্র, ১১টি কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম ওরফে কালুর বাড়ি চরণদ্বীপের ডোলখালী গ্রামে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, চিংড়িঘেরে ডাকাতির উদ্দেশ্যে ২০-২৫ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে—এই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পাঁচটি দল চরণদ্বীপ এলাকা ঘিরে ফেলে। একপর্যায়ে জনতার সহায়তায় অভিযান শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে একটি টংঘরে লুকিয়ে থাকা এক সন্ত্রাসী জনতার হাতে ধরা পড়েন। এ সময় তাঁকে গণপিটুনি দেয় জনতা। পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে দেশে তৈরি দুটি একনলা বন্দুক ও ১১টি কার্তুজ উদ্ধার করে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ও আলমগীর হোসেন বলেন, চরণদ্বীপ এলাকাটি খুবই দুর্গম। জনতার সহায়তা ছাড়া পুলিশের পক্ষে সেখানে অভিযান চালানো সম্ভব নয়।
পুলিশ জানায়, আহত অবস্থায় সন্ত্রাসী আবুল কালামকে গ্রেপ্তার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আবুল কালামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।