চকরিয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়ায় পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাঁদের নাম এজাহারে নেই। আটক ব্যক্তিরা হচ্ছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দক্ষিণ চরপাড়ার বাসিন্দা এরশাদ উল্লাহ ও আবদুল মোনাফ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চরপাড়ার মো. কালা মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিয়ে আসার জন্য তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়। এ সময় অর্ধশতাধিক দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে আবদুল কাদেরকে ছিনিয়ে নেয়। পরে গাড়িটি ভাঙচুর করে চাকা বিকল করে দেওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মোট ৪২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শনিবারে অাসামি ছিনতাইয়ের ঘটনার সময় দুজন গুলিবিদ্ধ হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।