চকরিয়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছড়াপাড়ায় গত বৃহস্পতিবার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে দুই ভাইবোনকে আহত করেছে।
ডাকাতের পিটুনিতে আহত হয়েছেন নেজাম উদ্দিন (৩৫) ও তাঁর বোন ইয়াসমিন আকতার (২৫)। তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত নেজাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ডাকাতেরা দরজা ভেঙে আমার ঘরে ঢোকে। পরে আমাকে ও আমার বোন ইয়াসমিনকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে আহত করে। এ ছাড়া নগদ ১২ হাজার টাকা, দুটি মুঠোফোন, একজোড়া কানের সোনার দুল, টর্চলাইট ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।’
ছরাপাড়ার বাসিন্দা জাফর আলম বলেন, ১০-১২ জনের একদল মুখোশপরা সশস্ত্র ডাকাত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে হানা দেয়। ডাকাতের দল পর্যায়ক্রমে মনজুর আলম, নেজাম উদ্দিন ও নূর হোসেনের বাড়ির দরজা ভেঙে ডাকাতি করে। অন্য দুটি বাড়ি থেকে স্বর্ণালংকার, কম্বল ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে ডাকাতেরা ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়।
জানতে চাইলে খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে শুনেছি।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন ডাকাতি নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।