চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই কিশোরী চকরিয়া থানায় এ মামলা করেন।
এ ঘটনায় পুলিশ মোহাম্মদ ইয়াছিন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, চার যুবক বুধবার ভোরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে পৌরসভার পালাকাটার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। ওই সময় তিন যুবক ভবনটি পাহারা দেন। আর ইয়াছিন নামের এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ভবন পাহারা দেওয়া তিন যুবক পালিয়ে যান। পরে জনতা ইয়াছিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর রাতে চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।