চকরিয়ায় কুপিয়ে শিশু হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় গতকাল সোমবার একটি শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রশিদুল ইসলাম ওরফে বাবু (৮) দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সে বদরখালী ইউনিয়নের মগনামাপাড়ার মো. রিদুয়ানের ছেলে।
রশিদুল দরবেশকাটার উত্তরপাড়ায় ফুফা রিদুয়ানুল হকের বাড়িতে থেকে পড়ালেখা করত।
শিশুটির পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, গত রোববার রাতে রশিদুল ফুফা রিদুয়ানুল হকের বসতঘরের ভেতরে মলত্যাগ করে। বিষয়টি নিয়ে রিদুয়ানুল ক্ষুব্ধ হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। গতকাল সোমবার সকালে রশিদুলের মা ওই বাড়িতে গিয়ে ধুয়ে-মুছে সব পরিষ্কার করে দেন। তারপরও রিদুয়ানুলের রাগ কমেনি। গতকাল সন্ধ্যায় তিনি রশিদুলকে একা পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎকেরা। পরে চট্টগ্রামে নেওয়ার পথে চন্দনাইশ এলাকায় শিশুটি মারা যায়।
পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রশিদুলের ফুফা রিদুয়ানুল ব্রেইন টিউমারের রোগী। তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্তও। রাগের মাথায় শিশুটিকে এলোপাতাড়ি কুপিয়েছেন রিদুয়ানুল।’
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, রিদুয়ানুল দা দিয়ে শিশুটির মাথায় পাঁচটি, ঘাড়ে একটি ও বাঁ হাতে দুটি আঘাত করেছেন। রিদুয়ানুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।