চকরিয়ায় গণপিটুনি ও গুলিতে নিহত ১, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় গণপিটুনি ও গুলিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলকে বহন করা একটি পিকআপ (ছোট ট্রাক) ও একটি বন্দুক এ সময় উদ্ধার করা হয়েছে। পিকআপে ডাকাতদের লুট করা সাতটি গরু ছিল।
নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন (৩০)। চকিরয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় তাঁর বাড়ি। তাঁর শরীরের বিভিন্ন স্থনে আঘাতের চিহ্ন এবং গুলির দাগ ছিল বলে প্রথম আলোকে জানান চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী।
ডাকাত দলের সদস্যরা পিকআপে করে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে পুলিশ ও জনতার প্রতিরোধের মুখে পড়েন বলে জানান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ডাকাতেরা পুলিশ ও জনতার ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। তবে শেষ পর্যন্ত পিকআপ ফেলে পালিয়ে যান তাঁরা। এ সময় একজন গণপিটুনিতে মারা যান। তিনি বলেন, ডাকাতদের লুট করা সাতটি গরুর মধ্যে একটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোনকারখিল এলাকার দুটো বসতঘর থেকে ছয়টি গরু লুট করে ডাকাত দল। এরপর পিকআপ নিয়ে ১৫ কিলোমিটার দূরে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মোড়ারপাড়া এলাকায় যায় ডাকাত দলটি। সেখানে একটি বসতঘর থেকে আরও একটি গরু লুট করেন ডাকাতেরা। গরুটি পিকআপে তোলার সময় গৃহকর্তা ইউনুছ (৩৪) বাধা দেন। এ সময় বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যান ডাকাতেরা।
পুলিশ সূত্র জানায়, ডাকাতির খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও তদন্তকেন্দ্রের পুলিশ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কালিরছড়া এলাকায় ব্যারিকেড দেয়। জোয়ারিয়ানালা ইউনিয়নের মোড়ারপাড়া থেকে ডাকাত দল এই পথেই যাচ্ছিল। কিন্তু এই ব্যারিকেড অতিক্রম করে চলে যায়। এরপর মহাসড়কের আলমাছিয়া মাদ্রাসা গেট এলাকায় পুলিশ ও স্থানীয় লোকজন ডাকাত দলের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। ব্যারিকেড দেখে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিন্তু ডাকাতদের আটকানো সম্ভব হয়নি। পরে মহাসড়কের ইসলামপুরের বটতল এলাকায় গাছ ফেলে প্রতিরোধের চেষ্টা করেন স্থানীয় লোকজন। এবারও ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। সেখান থেকে দেড় কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ডাকাতদের গাড়ির চাকা ফেটে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। কিন্তু দলটির একজন সদস্য গুলিতে আহত হয়ে রাস্তার পাশের ধানখেতে লুকিয়ে থাকেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তাঁর কাছে একটি বন্দুক ও চারটি কার্তুজ ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনা ও গণপিটুনিতে ডাকাত দলের একজন সদস্যের নিহত হওয়ার ঘটনায় চকরিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গরু লুটের ঘটনায় রামু থানায় মামলা হয়েছে।