কক্সবাজারে গুলিতে ব্যবসায়ী নিহত
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের গুচ্ছগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নুরুল আবসার (২৪) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার বলছে, গুচ্ছগ্রামে নুরুলের একটি মুদির দোকান রয়েছে। গতকাল রাতে তিনি দোকানেই ঘুমাচ্ছিলেন। ভোরে কয়েকজন দুর্বৃত্ত ওই দোকানে ঢুকে নুরুলকে গুলি করে। গুলির শব্দ শুনে গ্রামের লোকজন এগিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নুরুলকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম বলেন, নুরুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তাঁর গলায় গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ মামলা করেনি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।