চকরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া গৃহবধূর নাম ফাতেমা জান্নাত ওরফে বিউটি (২০)। তিনি ওই গ্রামের ওসমান গণির স্ত্রী। স্বজনদের অভিযোগ, শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করা হয়েছে।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতিক উল্লাহ প্রথম আলোকে বলেন, গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফাতেমার মা ছেনুয়ারা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী মাহবুবুর রহমান এক মাস আগে জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকার একটি অংশ এনে দিতে ফাতেমার ওপর চাপ দিচ্ছিলেন ওসমান গণি। এ নিয়ে ফাতেমাকে মারধরও করেন তিনি (গণি)।
তবে ওসমান গণির বাবা আবু তাহের দাবি করেন, তাঁর ছেলে ফাতেমাকে মারেননি। ফাতেমা স্ট্রোক করে থাকতে পারেন।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার লোকজন তাঁকে বলেছেন, ওসমান গতকাল সকালে ফাতেমাকে মারধর করেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে।