চকরিয়ায় ঘের কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরের এক কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘেরেরই আরেক কর্মচারী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর থেকে ওই কর্মচারী পলাতক রয়েছেন।
গতকাল রোববার সকালে উপজেলার চরণদ্বীপ মৌজার চিলখালী ৩ নম্বর পোল্ডারের বাইরের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালাকাটার মৌলভীপাড়া গ্রামের। হত্যার ঘটনায় সন্দেহভাজন কর্মচারী ওসমান গনির বাড়িও একই গ্রামে।
নাম প্রকাশ না করার শর্তে অন্য ঘেরের কয়েকজন কর্মচারী জানান, গত শুক্রবার রাতে চিলখালী ৩ নম্বর পোল্ডারের বাইরের ঘোনা এলাকায় ছৈয়দ নূরের চিংড়িঘেরে ডাকাতি হয়। অস্ত্রের মুখে ডাকাতেরা ঘেরের কর্মচারীদের জিম্মি করে। এ সময় ভয়ে সেলিম কোথায় টাকা রাখা হয়, তা ডাকাতদের দেখিয়ে দেন। সেখানে এক হাজার টাকা ছিল। ডাকাতেরা চলে যাওয়ার পর এ নিয়ে ঘেরের আরেক কর্মচারী ওসমান গনির সঙ্গে সেলিমের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
চিংড়িঘেরের মালিক ছৈয়দ নূর জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। অন্য ঘেরের শ্রমিকদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। পরে ঘেরে গিয়ে সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সেলিম উদ্দিনের বাবা মোস্তাক আহমদ জানান, গতকাল সকালে চিংড়িঘেরে গিয়ে সেলিমকে একা পেয়ে লাঠি দিয়ে পেটাতে থাকেন ওসমান। একপর্যায়ে ধারালো দা দিয়ে সেলিমের ডান হাতে কোপানো হয়। পরে অন্য ঘেরের কর্মচারীরা সেলিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিকেলে তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।