চকরিয়ায় চারজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে ভাঙচুরও চালায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভেরুয়াখালী পাড়ার হাসান মাহমুদের বসতঘরে ঢুকে চার নারী-পুরুষকে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত ব্যক্তিরা হলেন রোকেয়া বেগম (৩০), নুরু আরা বেগম (৫৫), শহীদুল্লাহ (৪৫) ও মাহমুদুল করিম (৫০)। তাঁদের মধ্যে রোকেয়া ও শহীদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসান মাহমুদের দাবি, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ রয়েছে। ওই ব্যক্তির ভাড়া করা দুর্বৃত্তরা তাঁর বসতঘরে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, বসতঘরে হামলা ও কুপিয়ে আহত করার খবর পুলিশের জানা নেই।