চকরিয়ায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২
কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকার শামসুল আলম (৩০) ও কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার মো. শহিদুল্লাহ (২৮)।
ফাতেমা জান্নাত নামের এক নারীর ভাষ্যমতে, তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন এলাকার খালার বাড়ি থেকে চকরিয়ার মানিকপুরের নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে অটোরিকশায় ওঠেন। বাটাখালী সেতু এলাকায় আরও দুই ব্যক্তি ওই অটোরিকশায় ওঠেন। গাড়িটি মাতামুহুরী সেতু এলাকায় পৌঁছানোর পর ছুরি ধরে তাঁর এক জোড়া কানের দুল, গলার হার ও ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন চালক ও দুই যাত্রী। একপর্যায়ে অটোরিকশাটি শিকলঘাটের দিকে যেতে থাকলে শিশুসন্তানকে নিয়ে তিনি গাড়ি থেকে লাফ দেন। ওই সময় এলাকাবাসী অটোরিকশার চালক শামসুল আলম ও তাঁর সহযোগী মো. শহিদুল্লাহকে ধরে ফেলে। অন্য ছিনতাইকারী পালিয়ে যায়।
ফাতেমা জান্নাত ও তাঁর শিশুসন্তানকে আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গতকাল বুধবার তাঁরা বাড়ি ফিরে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, এ ঘটনায় গতকাল দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।