চকরিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় মোবাইল ফোন কেড়ে নেওয়ার জেরে ছুরির আঘাতে মো. আনিসুর রহমান ওরফে আনাস নামের ১৭ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. সোহেল ওরফে সেহেলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর এলাকার মগবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মাস্টারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আনিসুরের মোবাইল ফোন কেড়ে নেন একই এলাকার নুরুল কবিরের ছেলে সোহেল। বিকেল চারটার দিকে মোবাইল ফোন ফেরত চাওয়ায় তার সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল তাকে মারধর করলে সে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় গতিরোধ করে আনিসুরকে ছুরিকাঘাত করেন সোহেল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আনিসুরকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছেন সোহেল। ঘটনার পরমগবাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে।
ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।