চকরিয়ায় ছুরিকাঘাতে নারী খুন, স্বামী আটক
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামে গতকাল শুক্রবার ভোরে ছুরিকাঘাতে নূরনাহার বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আশরাফ আলীকে (৪০) আটক করা হয়েছে।
নূরনাহারের প্রতিবেশীরা বলেন, গাঁজাসেবী আশরাফ আলী কৃষিকাজ করেন। গাঁজা সেবন নিয়ে তাঁর সঙ্গে নূরনাহারের ঝগড়া হতো। এ নিয়ে আশরাফ প্রায় সময় স্ত্রীকে মারধর করতেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত ওসমান প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে ঘুম থেকে উঠে নূরনাহার ঘর ঝাড় দিচ্ছিলেন। এ সময় আশরাফ আলী স্ত্রীর কাছে টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে আশরাফ আলী স্ত্রীর কোমরে, পিঠে ও পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন নূরনাহারকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর ১২টার দিকে নূরনাহার সেখানে মারা যান।
পুলিশ জানায়, নূরনাহারের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর আশরাফ আলীকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আশরাফ আলীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।