চকরিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ হোসেন ওরফে মোহাম্মদের (৩২) বাড়ি ডুমখালী এলাকায়। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ হোসেন ওরফে ভুট্টোর (৩৫) বাড়িও একই এলাকায়।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, ডুমখালী এলাকায় পাহাড়ি সম্পত্তি কেনাবেচা থেকে চাঁদা আদায় করে একটি চক্র। মোহাম্মদ ও ভুট্টো ওই চক্রের সদস্য। চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ডুমখালী এলাকার ফুটবল খেলার মাঠের পাশের একটি চায়ের দোকানে ভুট্টো ও মোহাম্মদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভুট্টোকে ছুরিকাঘাত করেন মোহাম্মদ। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ছুরিটি মাটিতে পড়ে গেলে ভুট্টো সেটি নিয়ে মোহাম্মদকে ছুরিকাঘাত করতে থাকেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ভুট্টোকে ধরে পুলিশে সোপর্দ করেন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে ছুরির সাতটি আঘাতের চিহ্ন আছে। তিনি জানান, কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আহত ভুট্টোকে গ্রেপ্তারের পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর হাতের রগ কেটে গেছে।