চকরিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চার নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হেলাল উদ্দিন (২৬)। তিনি ওই গ্রামের লেদু মিয়ার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষচন্দ্র ধর বলেন, হোসাইন আহমদ ও আলী আহমদ নামের দুই ব্যক্তির মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামের এক যুবক নিহত হন।
পুলিশ সূত্র ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবদিয়া গ্রামের বাসিন্দা হোসাইন আহমদ ও আলী আহমদের মধ্যে ৫৬০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং একটি ঘর জ্বালিয়ে দেয়। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ও ছররা গুলিতে হেলাল উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন হেলাল উদ্দিনের মা ছকিনা বেগম, আলী আহমদের স্ত্রী রওশন আরা বেগম, আনোয়ারা বেগম, রুমা আকতার, আবদুস শুক্কুর ও তাঁর ছেলে রবিউল হাসান, হুমায়ুন কবির ও শুক্কুর। আহতদের মধ্যে ছকিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সকালে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল, চকরিয়া) মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।