কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন থেকে জাতীয় পার্টির এক নেতার লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত আকতার কামাল (৪৫) ওই ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী এলমুন নাহার বলেন, জমি নিয়ে তাঁর স্বামীর পরিবারে বিরোধ চলছিল। গত শনিবার রাত ১০টার দিকে বিরোধ মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বোন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল ভোরে স্বামীর (আকতার কামাল) মুঠোফোনে কল করা হলে তাঁর বোনের ছেলে টিপু বলে, ‘মামা অসুস্থ। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
নিহত ব্যক্তির ছেলে সাইফুল ইসলাম (২৭) বলেন, বাড়ির পাশের সড়কে গতকাল সকাল সাতটার দিকে তাঁর বাবার লাশ দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শ্বাসরোধ করে হত্যার পর তাঁর বাবার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাইফুল।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই সুখেন্দু বসু। তিনি বলেন, আকতার কামালের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।