চকরিয়ায় জায়গা দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারের জায়গা দখলের হিড়িক পড়েছে। ইতিমধ্যে কয়েকটি পাকা স্থাপনার নির্মাণকাজ শেষ করে ভাড়া দিয়েছে একশ্রেণির দখলবাজ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পাঁচ-ছয়জনের একটি চক্র কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট বাজারের পূর্ব পাশে পাঁচটি পাকা দোকান নির্মাণ করছে। ইতিমধ্যে আরও তিনটি দোকানের নির্মাণকাজ শেষ হয়েছে। এসব দোকান এখন ভাড়া দেওয়া হয়েছে। সেখান থেকে সেলামি বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই দখলবাজ চক্র।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, দখলবাজেরা বাজারের জায়গা দখল করে সৌন্দর্য নষ্ট করছে। পাশাপাশি সংকুচিত হয়ে পড়ছে বাজারের স্থান। দখল হয়ে যাওয়া এসব জায়গার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, মালুমঘাট বাজারের জায়গা দখলের বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।