চকরিয়ায় ডাকাত পুলিশ গোলাগুলি অস্ত্র উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় দুর্গম রামপুর এলাকায় গতকাল বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৪৫টি কার্তুজ ও ১৬টি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ডাকাতদের ছোড়া ছররা গুলিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন ও উপপরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী আহত হয়েছেন। তাঁরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের রামপুর মৌজা এলাকায় চিংড়িঘেরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের মধ্যে অন্তত ৪৭টি গুলিবিনিময় হয়। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটলে ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য শহিদুলকে তিনটি অস্ত্র ও ৪৫টি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন গতকাল বুধবার রাত সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করা হবে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, রাত নয়টার দিকে শহিদুলকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।