চকরিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা লুট
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকায় ডাকাতের গুলিতে আহত হয়েছেন দুজন। লুট করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এক ব্যবসায়ী ও তাঁর দোকানের দুই কর্মচারী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীরপাড়া এলাকার মোহাম্মদ জুয়েল (২৫) ও শামসুল আলম (৩০)। এর মধ্যে শামসুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ডাকাতির শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে কাজীরপাড়ার বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী মো. আলাউদ্দিন। পৌর শহরের ওয়াপদা সড়কে মেসার্স সালাহউদ্দিন ট্রেডার্স নামে তাঁর ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন দোকানের কর্মচারী জুয়েল ও শামসুল। ঘনশ্যাম বাজার এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের গতি রোধ করে মুখোশ পরিহিত চার-পাঁচজন সশস্ত্র ডাকাত। অস্ত্রের মুখে জিম্মি করে আলাউদ্দিনের কাছে থাকা ৪ লাখ ৮০ হাজার টাকা লুট করে ডাকাতেরা। এ সময় জুয়েল ও শামসুল আলম বাধা দিতে গেলে তাঁদের মারধর ও গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ডাকাত দল মোটরসাইকেলের গতি রোধ করেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তাঁদের। টাকা নেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা দুজন বাধা দিলে গুলি করে ডাকাতেরা। পরে অন্য একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।