চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বার আউলিয়া এলাকায় যাত্রীবাহী জিপ থামিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীর একজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয় লোকজন। অন্য দুজন পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক মো. হানিফকে (২৬) পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বাড়ি চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা এলাকায়।
ছিনতাইয়ের শিকার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকার প্রবাসী আবু তালেব প্রথম আলোকে বলেন, অটোরিকশা কেনার জন্য গতকাল সকালে তিনি চকরিয়ায় যান। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় তিনি অটোরিকশা না কিনে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেন। চকরিয়া পৌরসভার সোসাইটি এলাকা থেকে জিপে ওঠেন তিনি। মহাসড়কের বার আউলিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল জিপটির গতি রোধ করে। মোটরসাইকেলে তিনজন ছিল। তারা জিপচালকের কাছ থেকে চাবি নিয়ে নেয়।
আবু তালেব বলেন, তিন ছিনতাইকারী তাঁকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাঁর কোমরে থাকা ২ লাখ ও শপিং ব্যাগের ভেতরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় অন্য যাত্রী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা একজনকে ধরে ফেলেন।
ছিনতাইয়ের খবর শুনে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই। আটক যুবক হানিফকে পুলিশে সোপর্দ করি।’
এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. হানিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক তাঁর সঙ্গে থাকা আরও দুজনের নাম বলেছেন। তাঁদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।