চকরিয়ায় দুই ডাকাতের চোখ নষ্ট করল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় গতকাল সোমবার ভোরে দুজনের চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় আরেকজনকে পিটিয়ে জখম করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, ওই তিনজনই পেশাদার ডাকাত। তাঁদের বিরুদ্ধে চকরিয়া ও মহেশখালী থানায় চার-পাঁচটি করে মামলা আছে।
আহত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের হাবিব উল্লাহ ওরফে লেদু (৩০) ও মাতারবাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকার সাদ্দাম হোসেন (২৯) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের আবুল হোসেন ওরফে পাখি (৩০)।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের বলেন, হাবিব উল্লাহর দুই চোখ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে। আর সাদ্দাম হোসেনের দুই চোখ নষ্ট করে দেওয়া হয়। তিনি বলেন, চোখের ভেতর আঙুল ঢুকিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবুল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা পাঁচজন চরণদ্বীপের একষট্টি প্লট এলাকার একটি চিংড়িঘেরে ঘুমাচ্ছিলেন। ভোরে ডাকাত জালালের নেতৃত্বে ১০-১৫ জন ডাকাত খামারবাড়ির চারপাশ ঘিরে ফেলে। তারা খামারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের তিনজনকে বেঁধে ফেলে। ওই সময় তাঁদের সঙ্গে থাকা অন্য দুজন কৌশলে পালিয়ে যান। তিনি বলেন, পরে ডাকাতেরা তাঁদের তিনজনকে নৌকায় তুলে সওদাগরঘোনার বাডামনি খালের মুখ এলাকায় নিয়ে যায়। এরপর তারা হাবিব ও সাদ্দামের চোখ তুলে নেয়। পরে তাঁদের আবার চরণদ্বীপ চর এলাকায় ফেলে ডাকাতেরা চলে যায়।
আবুল হোসেন বলেন, ঘটনার সময় তাঁর চোখ বেঁধে রাখে ডাকাতেরা। এ কারণে কীভাবে হাবিব ও সাদ্দামের চোখ নষ্ট করা হয়েছে, তা তিনি দেখেননি।
পুলিশ জানায়, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে পুলিশি পাহারায় তাঁদের চিকিৎসা চলছে।
এসআই আলমগীর হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বিরোধ চলছে। তাদের মধ্যে প্রায় সময় সংঘর্ষ হয়। সুযোগ বুঝে প্রতিপক্ষ ডাকাত দলের সদস্যরা হাবিব, সাদ্দাম ও আবুল হোসেনের ওপর হামলা চালিয়েছে। তিনি জানান, খুন ও ডাকাতির অভিযোগে মামলা থাকায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।