চকরিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং স্টেশন এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গত রোববার রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কয়েক দফায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার হারবাং ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সদস্যপদে বাবুল আহমদ ও শাহাদাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শাহাদাত হেরে যান। নির্বাচন নিয়ে রোববার সন্ধ্যায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। রাত আটটার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে মাথা ফেটে যায় হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকারের। সংঘর্ষে আহত হন মোহাম্মদ হাসেম (৩২), মো. সাইফুল ইসলাম (২৮), জাহিদ হোসেন (২৫) ও উত্তম মলিক (২৬)। আহত ব্যক্তিরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উঠে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে হারবাং স্টেশনের শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম ও কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, এ ঘটনায় হারবাং ইউনিয়নের মধ্যম নুনাছড়ি গ্রামের খাইরুল আমিন (২৭) ও গুচ্ছগ্রামের মো. আইয়ুবকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।