চকরিয়ায় ধানখেতে আরেক যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ধানখেত থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর নাম আবু হেনা (২৪)। তিনি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ১৮ আগস্ট ভোরে খুটাখালী ইউনিয়নের বালুরচর এলাকা থেকে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করে চকরিয়া থানা-পুলিশ। পরে লাশটি মোজাহের মিয়া নামের এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় প্রথম আলোকে বলেন, লাশের গলা, মাথা, হাত, পায়ের পাতা, বাম চোখসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে গলা ও অণ্ডকোষ চেপে হত্যা নিশ্চিত করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (শিয়াপাড়া এলাকা) জসিম উদ্দিন বলেন, সোমবার সকালে কৃষকেরা খেতে কাজ করার সময় লাশটি দেখতে পান। এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আবু হেনার বাবা আবদুর রহমান বলেন, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় তাঁর ছেলে (আবু হেনা)। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। আবু হেনা একটি গাড়িতে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

আব্দুর রহমান বলেন, কিছুদিন ধরে ছেলের সংসারে ঝামেলা চলছে। পুত্রবধূ বাপের বাড়িতে চলে গেছে। ইউনিয়ন পরিষদে এ নিয়ে বিচার চলছে। কারা তাকে হত্যা করতে পারে তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ উদ্ধারের ঘটনায় মামলা করা হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল, কারা তাঁকে মেরে ফেলতে পারে—এসব বিষয় সামনে রেখে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।