চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের নিজ বাড়িতে মোরশেদ আলী (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জমি দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
মোরশেদ আলীর মা মুজিবুন্নেছা বেগম প্রথম আলোকে বলেন, ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের বাড়িতে এসে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা মোরশেদকে ঘর থেকে বের করে উঠানে নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোরশেদের বড় ভাই রুকনুজ্জামান বলেন, ‘মোরশেদের বন্ধুবান্ধবেরাই তাকে মেরে ফেলেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না।’ তাঁর বোন জেসমিন আকতার বলেন, ‘মোরশেদ কোনো বাহিনীর সদস্য নয়।’
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান। তিনি বলেন, মোরশেদ আলীর শরীরে ১২টি দায়ের কোপ রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে বনভূমি দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।