চকরিয়ায় পুলিশ-ডাকাত 'বন্দুকযুদ্ধে' আহত ৩
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বেতুয়া বাজার সেতুর পূর্ব পাশে গত সোমবার দিবাগত রাতে পুলিশ ও ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, সোমবার রাত আটটায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মহল্লারকুম স্টেশন এলাকা থেকে সাতটি ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাতসর্দার খোরশেদ আলম ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে খোরশেদ জানান, তাঁর কাছে তিনটি অস্ত্র আছে। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খোরশেদকে নিয়ে বেতুয়া বাজার সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। সেখানে ওত পেতে থাকা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে খোরশেদ গুলিবিদ্ধ হন। ডাকাতের ছোড়া গুলিতে উপপরিদর্শক (এসআই) সুখেন্দু বসু (৩২) ও কনস্টেবল প্রশান্ত গোস্বামী (৪৫) আহত হন। পুলিশ সেখান থেকে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় পুলিশ ও ডাকাতের মধ্যে ৩৫-৩৭টি গুলি বিনিময় হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।