চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাই, পরে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘণ্টাখানেক পর আবার তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিউল আলম (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্য, গতকাল সকাল ১০টায় বহদ্দারকাটা এলাকায় মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের মাঠে আমানচর একাদশ ও বহদ্দারকাটা একাদশের মধ্যকার ফুটবল খেলা চলছিল। খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দুই দলের সমর্থকেরা মাঠে ঢুকে পড়ে। পরে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ সদস্যরা সংঘর্ষ থামাতে গেলে তাঁদের ওপরও হামলা হয়। এ সময় পুলিশের একটি শটগান ছিনিয়ে নেওয়া হয়। হামলায় পুলিশ পরিদর্শক সমীর সরকার, এসআই মো. ইউনুচ ও কনস্টেবল উক্যওয়ং আহত হন। পরে চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাখানেক পর বহদ্দারকাটার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে শটগানটিসহ একজনকে গ্রেপ্তার করে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সমীর সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে চারজনকে চিহ্নিত করা গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।