কক্সবাজারের টেকনাফে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিনটি সড়ক সংস্কার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এতে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঠিকাদারেরা বলছেন, অন্যের লাইসেন্স ব্যবহার করে এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ এসব প্রকল্পের কাজ করছেন। টেকনাফ উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকার সময় তিনি অন্য ঠিকাদারের মাধ্যমে কাজগুলো ‘বাগিয়ে নেন’।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর বলেন, আমিন উল্লাহ ওই তিনটি কাজের সঙ্গে যুক্ত থাকায় কাজের অগ্রগতি হচ্ছে না। সড়ক তিনটির কাজ দুই থেকে চার বছর ফেলে রাখায় মানুষের দুর্ভোগ বাড়ছে।
টেকনাফ এলজিইডির কার্যালয় সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং বাজার থেকে রইক্ষ্যং পর্যন্ত সড়কের ৫০০ মিটার অংশ কার্পেটিংয়ের ২৫ লাখ ২০ হাজার টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নবী এন্টারপ্রাইজ। ২০১৩ সালের ২৪ জানুয়ারি সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এরপর কয়েক দিন কাজ করে ঠিকাদারের লোকজন উধাও হয়ে যান। ২০১৩ সালের ২৯ এপ্রিলের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।
সম্প্রতি উনছিপ্রাং বাজারে সড়ক পরিদর্শন করে দেখা যায়, ৫০০ মিটারের এই সড়কের সংস্কারকাজ অসমাপ্ত পড়ে আছে। কয়েকজন শ্রমিক সড়কের পাশে প্রতিরক্ষা দেয়াল (গাইড ওয়াল) তৈরি করছেন। ওই শ্রমিকেরা জানান, সড়ক সংস্কারের কাজ করছেন চকরিয়া উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নবী হোসেন বলেন, ‘আমার লাইসেন্স ব্যবহার করে উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ কাজটি করছেন। কিছুদিন কাজ করার পর তিনি টেকনাফ থেকে চকরিয়ায় বদলি হয়ে যান। এরপর কাজও বন্ধ হয়ে যায়।’
এলজিইডির কার্যালয় সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী থেকে আলী আকবরপাড়া সড়কের ৭০০ মিটার অংশে ১৯ লাখ ১৯ হাজার টাকার কাপের্টিংয়ের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দিলদার অ্যাসোসিয়েট। পরে উপঠিকাদার হিসেবে কাজটি নেন হ্নীলার মেসার্স মাহবুব ব্রাদার্সের মালিক মাহবুবুর রহমান। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ১৬ এপ্রিলের মধ্যে।
মাহবুবুর রহমান বলেন, ‘বেশি মুনাফার লোভ দেখিয়ে উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ সড়কটির সংস্কারকাজ আমার নামে (উপঠিকাদার হিসেবে) নিলেও কাজ করাচ্ছেন তাঁর লোকজনকে দিয়েই। এই কাজের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’
এলজিইডির কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি থেকে জালিয়াপাড়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মহেশখালীর মেসার্স আবদুর রশিদ। প্রতিষ্ঠানের মালিক আবদুর রশিদ যুবলীগের স্থানীয় নেতা ফজল কবিরকে ৪৮ লাখ টাকার এই কাজটি ‘বিক্রি’ করে দেন। ২০১১ সালের ১১ জানুয়ারি সংস্কারকাজ উদ্বোধন করা হয়। কিন্তু অল্প পরিমাণ কাজ করে ঠিকাদার উধাও হয়ে যান। ২০১১ সালের ২৯ এপ্রিল কাজটি শেষ হওয়ার কথা ছিল।
উপঠিকাদার ফজল কবির বলেন, শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মালামাল নিতে সমস্যা হচ্ছে। তাই কাজের অগ্রগতি হচ্ছে না। এখন লোকজন নিয়োগ দিয়ে অবশিষ্ট কাজ করছেন প্রকৌশলী আমিন উল্লাহ। কাজের তদারকি করছেন খাগড়াছড়ির বেলাল উদ্দিন।
বেলাল উদ্দিন বলেন, ‘সুনামের সঙ্গে কাজ করি বলে প্রকৌশলী আমিন উল্লাহ একাধিক সড়কের সংস্কারকাজের তদারকির দায়িত্ব আমাকে দিয়েছেন।’
ঠিকাদারি প্রসঙ্গে জানতে চাইলে প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, সড়ক তিনটির সংস্কারকাজ তিনি করছেন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সত্য নয়। তিনি টেকনাফ উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনের সময় তিনটি সড়কের সংস্কারকাজ শুরু হয়। দুটি প্রকল্পের কাজ ঠিকমতো হলেও শাহপরীর দ্বীপের কাজ ফেলে পালিয়ে যান ঠিকাদার। এ জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী মো. আবসার উদ্দিন বলেন, তিনটি প্রকল্পের কোনোটি এখনো শেষ হয়নি। অসমাপ্ত কাজ শেষ করার জন্য তিনি ঠিকাদারকে তাগাদা দিলে চকরিয়া উপজেলা প্রকৌশলী লোক নিয়োগ করে সংস্কারকাজ চালাচ্ছেন। এ নিয়ে এলাকায় নানা সমালোচনা চলছে।
তিনি বলেন, কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, আমিন উল্লাহর দায়িত্ব পালনের সময় তিনটি প্রকল্পে কাজের পরিমাণের চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিয়েছেন ঠিকাদার।