চকরিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ
কক্সবাজারের চকরিয়ার লামা-ফাঁসিয়াখালী সড়কের রিংভংয়ের খরইল্যাশিয়া এলাকায় গত রোববার দিবাগত রাত দেড়টায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এতে আবদুল আজিজ (৩৮) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ আজিজ উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের হাকিম মিয়ার ছেলে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়।
পুলিশ দাবি করেছে, গত রোববার দুপুরে ১১টি মামলার আসামি ডাকাত আবদুল আজিজকে পালাকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে রোববার রাতে অভিযান চালানো হয়। সেখানে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০-৬০টি গোলাগুলি হয়। ওই সময় আবদুল আজিজ ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গত রোববার দিবাগত রাত তিনটায় সংঘটিত শিক্ষক নারায়ণ হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত আজিজকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজসহ চার পুলিশ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আবদুল আজিজ পুলিশের কাছে শিক্ষক নারায়ণ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।