কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় গত বুধবার দিবাগত রাতে একটি বসতঘরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় মা-মেয়েসহ পাঁচজন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত বসতঘরের লোকজন ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ৬০ শতক জায়গা নিয়ে কোরবানিয়াঘোনা এলাকার মো. জিয়াউদ্দিনের সঙ্গে ছৈয়দ নূরের বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে ছৈয়দ নূরের লোকজন গত বুধবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত বসতঘরে ভাঙচুর চালায়। ভাঙচুরের পর আসবাব আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে জিয়াউদ্দিনের আত্মীয়স্বজন এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। দা দিয়ে কুপিয়ে জখম করা হয় পাঁচজনকে।
আহত ব্যক্তিরা হলেন মফিজুর রহমান (৩৬), মোসলেম উদ্দিন (৪০), মোরশেদ আলম (৩৫), মাহফুজা খাতুন (৪১) ও তাঁর মেয়ে শারমিন আকতার (১৮)। তাঁদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়াউদ্দিন বলেন, ‘জায়গাটি আমাদের খতিয়ানভুক্ত ও দখলীয়। আমরা পুরোনো ঘরের পাশে আরেকটি নতুন ঘর করতে গেলে ছৈয়দ নূরের লোকজন রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে বসতঘরের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’
জানতে চাইলে ছৈয়দ নূর বলেন, ‘জায়গাটি আমরা দেখভাল করতাম। কিন্তু হঠাৎ করে আমাদের না জানিয়ে সেখানে নতুন করে ঘর করছিলেন জিয়াউদ্দিন। এ কারণে বসতঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমরা অগ্নিসংযোগ, লুটপাট ও কাউকে মারধর করিনি।’
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছৈয়দ নূরের লোকজন একটি বসতঘর তছনছ করে দিয়েছে। তিনি বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে।