চকরিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী সেতু এলাকা থেকে আবদুল মজিদ (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার খোন্দকারপাড়ার বাসিন্দা।

নিহত মজিদের স্ত্রী নুরুচ্ছাফা বেগমের ভাষ্য, সম্পর্কের খাতিরে প্রবাসী নুর হোসেন নামের এক ব্যক্তির জায়গাজমি দেখাশোনা করতেন আবদুল মজিদ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে নুর হোসেন ফোন করে বলেন, তাঁর জায়গা দুর্বৃত্তরা দখল করতে চেষ্টা করছে। এ খবর পেয়ে বাটাখালী এলাকায় ছুটে যান মজিদ। ভোর পর্যন্ত তিনি ফিরে না আসায় তাঁর মেয়ে তসলিমাকে নিয়ে মজিদকে খুঁজতে বের হন তিনি। একপর্যায়ে বাটাখালী সেতুর পাশে মজিদকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মেয়ে তসলিমা আকতার বলেন, তাঁর বাবার সঙ্গে কিছু মানুষের জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে কেউ কৌশলে বাবাকে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কেউ মেরে ফেলেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।