চকরিয়ায় ব্যবসায়ী অপহরণের ঘটনায় মামলা
কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আদালতের নির্দেশে মামলা নিয়েছে পুলিশ। মামলায় চকরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী লুৎফুল কবির বলেন, ৫ ডিসেম্বর কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামের ব্যবসায়ী ইয়াছিন আরফাতকে মোটরসাইকেলসহ অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণকারীরা তাঁকে চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট এলাকায় রেজাউল করিমের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখে। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলসহ ইয়াছিনকে উদ্ধার করে পুলিশ।
লুৎফুল কবির বলেন, ইয়াছিনের বাবা আব্বাস আহমদ মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। পরে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি নালিশি মামলা করেন।
ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘আমি মামলা নেব না বলিনি। চাঁদাবাজি শব্দটি বাদ দিয়ে এজাহার দিতে বলেছিলাম।’