চকরিয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জমজম হাসপাতালে ভুল চিকিৎসায় সায়েমা জুহি নামের তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকাল আটটায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এরপর থেকে সকাল ১০টা পর্যন্ত ওই চিকিৎসকের শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে শিশুটির স্বজন ও এলাকার লোকজন।
নিহত শিশু সায়েমা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোয়ালিয়া পাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
জমজম হাসপাতাল সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে নিউমোনিয়া রোগে আক্রান্ত সায়েমাকে চকরিয়া সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাতে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু শিশুর পরিবার চমেক হাসপাতালের পরিবর্তে ওই দিন রাতেই তাকে জমজম হাসপাতালে ভর্তি করায়। শিশুটি অনেকটা সুস্থ হয়েও ওঠে। কিন্তু গতকাল সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে সে মারা যায়।
তবে শিশুর মা পারভিন আকতার অভিযোগ করেন, জমজম হাসপাতালে ভর্তি করানোর পর মো. ইউছুফ নামের এক চিকিৎসক সায়েমাকে চিকিৎসা দেন। গতকাল সকালে অবস্থার অবনতি হলে তাকে উচ্চমাত্রার ট্রাইডুসিল ৫০০ মি.গ্রা ইনজেকশন পুশ করে। সঙ্গে সঙ্গে শিশুটির মুখে ফেনা জমে এবং মল ত্যাগ করে। ১০ মিনিট পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে সায়েমা।
ভুল চিকিৎসায় সায়েমার মৃত্যুর খবর শুনে তার আত্মীয়স্বজন ও এলাকার লোকজন হাসপাতালে ভিড় জমায়। একপর্যায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
বিষয়টি জানতে অনেক চেষ্টা করেও জমজম হাসপাতালের চিকিৎসক মো. ইউছুফের বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাসপাতালটির পরিচালক জি এম আশেক উল্লাহ ভুল চিকিৎসার কারণে মৃত্যুর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শিশুটি চকরিয়া সরকারি হাসপাতালের চিকিৎসক আবদুস সালামের কাছে চিকিৎসাধীন ছিল। হায়াত মউত আল্লাহর হাতে। যদি ভুল চিকিৎসায় মারা গিয়ে থাকে তাহলে চকরিয়া হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, এর প্রভাবেই শিশুটি মারা গেছে।’