চকরিয়ায় মাদ্রাসার ছাত্রীকে ছুরিকাঘাত করা বখাটে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে আহত হুরে জান্নাত
হাসপাতালে আহত হুরে জান্নাত

কক্সবাজারের চকরিয়ার মাদ্রাসার ছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিনহাজ উদ্দিন (১৬) নামের এক বখাটেকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে কোনাখালী ইউনিয়নের সেনঘোনা এলাকায় মাদ্রাসার ছাত্রী হুরে জান্নাতকে ছুরিকাঘাত করা হয়। সে সেনঘোনা এলাকার মোকতার আহমদের মেয়ে ও কোনাখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জান্নাতকে ছুরিকাঘাত করে মিনহাজ। জান্নাতের বাবা মোকতার আহমদ বলেন, তিন মাস ধরে বখাটে মিনহাজ তাঁর মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল।

মিনহাজ ওই ইউনিয়নের খাতুরবাপের পাড়ার আবুল কাশেমের ছেলে ও পেকুয়া উপজেলার মেহেরনামা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, মাদ্রাসার ছাত্রীকে ছুরিকাঘাত করা মিনহাজকে ধরে তিনি নিজেই চকরিয়া থানায় নিয়ে যান।

এদিকে গতকাল কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম অভিযোগ করেন, বখাটের ছুরিকাঘাতে চকরিয়ার এক ছাত্রী আহত হলেও প্রভাবশালী মহলের বাধার কারণে পুলিশ মামলা নিচ্ছে না। এ সময় জেলা প্রশাসক মো. আলী হোসেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেনকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, মিনহাজকে ধরতে গতকাল দুপুর থেকে কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে ওই বখাটেকে স্থানীয় চেয়ারম্যান পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

জান্নাতকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয় লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গতকাল দুপুরে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে স্থানান্তর করা হয়।

ওসিসির ইনচার্জ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে মেয়েটির বাঁ হাতের পাঁচটি রগ কাটা গেছে। তবে সে এখন শঙ্কামুক্ত।