চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে বুকে ও ঘাড়ে কোপানো হয়।

নিহত যুবকের নাম আবদুল মুজিব (৩০)। তিনি ওই গ্রামের আহমদ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।

নিহতের স্ত্রী শাহিদা আকতার অভিযোগ করেন, রাত নয়টার দিকে ভাত খেয়ে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। ডাকাত সর্দার আমির হোসেনের নেতৃত্বে তিন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে বাড়ির অদূরে রাস্তার ওপর তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করে। তাঁর স্বামীর রক্তাক্ত দেহ সড়কের পাশে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁর স্বামীকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণার পর স্থানীয় বাসিন্দারা ফের লাশ ঘটনাস্থলে রেখে যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, পূর্ব ডুমখালী গ্রামে ডাকাত সর্দার আমির হোসেনের নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়। এই জুয়ার আসরের বিপক্ষে ছিলেন নিহত আবদুল মুজিবসহ গ্রামের কিছু যুবক। শনিবার রাতে আবদুল মুজিবের সঙ্গে কথা-কাটাকাটি হয় আমির হোসেনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন আজ রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আমির হোসেন ডজন খানেক মামলার আসামি। ঘটনার পরপরই তাঁকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।