চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামে গত রোববার রাতে মুজিবুর রহমান (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, এলাকায় জুয়ার আসর বসানোর বিরোধিতা করায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার মুজিবুরের চাচা আকতার আহমদ সাতজনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় হত্যা মামলা করেছেন।
পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের স্ত্রী শাহিদা আকতার বলেন, রোববার রাত সাড়ে নয়টার দিকে ভাত খেয়ে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। এ সময় ডাকাতসর্দার আমির হোসেনের নেতৃত্বে তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে বাড়ির অদূরে রাস্তার ওপর তাঁর স্বামীকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় লোকজন তাঁর স্বামীকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আমির হোসেনের নেতৃত্বে পূর্ব ডুমখালী গ্রামে প্রতি রাতে জুয়ার আসর বসানো হয়। এই জুয়ার আসরের টাকা ভাগাভাগি নিয়ে গত শনিবার জুয়াড়িদের সঙ্গে আমির হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় মুজিবুর রহমান এলাকায় জুয়ার আসর না বসাতে আমিরকে অনুরোধ করেন। তাঁর সঙ্গে এলাকার আরও কিছুসংখ্যক যুবক জুয়ার আসরের বিপক্ষে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হন আমির হোসেন।
মামলার বাদী আকতার আহমদ বলেন, ‘জুয়ার আসরের বিপক্ষে কথা বলাই কাল হয়েছে মুজিবুরের। এতে ডাকাতসর্দার আমির হোসেনের টার্গেটে পরিণত হন মুজিবুর।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আমির হোসেন ডজন খানেক মামলার আসামি। ঘটনার পরপরই তাকে ও তার সহযোগীদের ধরতে অভিযান চালানো হয়। কিন্তু তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, শিগগিরই খুনিরা ধরা পড়বে।