চকরিয়ায় যুবককে পুলিশের ও 'সোর্স'কে জনতার পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ গত সোমবার রাতে মিনারুল ইসলাম ওরফে জিকু (২৮) নামের এক যুবককে আটক করে বন্দুকের বাঁট দিয়ে পিটুনি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে জনতার ক্ষোভের মুখে পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ সময় পুলিশের কথিত তথ্যদাতা (সোর্স) বেলাল উদ্দিনকে (৩৫) ধরে পিটুনি দেয় জনতা।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত মিনারুল কাকারা ইউনিয়নের বিয়ারিপাড়ার বশির আহমদের ছেলে ও কথিত সোর্স বেলাল উদ্দিন একই এলাকার কবির আহমদের ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মিনারুল সোমবার রাত নয়টার দিকে রাজমিস্ত্রির কাজ শেষ করে মাঝেরফাঁড়ি স্টেশনে একটি চায়ের দোকানে বসেন। কিছুক্ষণ পর চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাকসহ তিনজন পুলিশ গিয়ে মিনারুলকে আটক করে। এ সময় মিনারুল পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি পুলিশেকে বোঝান, তিনি অপরাধী নন এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা পুলিশকে আক্রমণের চেষ্টা করলে পুলিশ কৌশলে মিনারুলকে মাঝেরফাঁড়ি স্টেশনের একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে পুলিশ সদস্যরা সরে পড়েন।

স্থানীয় লোকজন বলেন, মিনারুলকে শত্রুতাবশত পুলিশের কথিত সোর্স বেলাল উদ্দিন ধরিয়ে দিয়েছেন—এ অভিযোগ তুলে বেলালকে ধরে পিটুনি দেয় জনতা। পরে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক পুলিশের পিটুনিতে আহত মিনারুল ও জনতার পিটুনিতে আহত বেলাল উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মিনারুলের ভাই আশরাফ উদ্দিন গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই নিরপরাধ। পুলিশ তাঁকে অহেতুক পিটিয়ে আহত করেছে। মিনারুল এখনো হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান আজিমুল হক প্রথম আলোকে বলেন, মিনারুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে দাবি করে তাঁকে পুলিশ ধরতে গেলে ওই ঘটনা ঘটে। পরে আহত মিনারুল ও বেলালকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তবে চকরিয়া থানার এএসআই আবদুর রাজ্জাক বন্দুকের বাঁট দিয়ে যুবককে পিটুনির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, আবদুল আলিম নামের এক আসামিকে ধরতে চায়ের দোকানে ঢুকলে মিনারুল দৌড় দেন। দৌড়ে পালানোর সময় তিনি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সামান্য আঘাত পান। পরে পুলিশ তাঁকে আটক করে। কিন্তু তিনি প্রত্যাশিত আসামি না হওয়ায় তাঁকে স্থানীয় ইউপি সদস্য মো. বাদশার জিম্মায় দিয়ে থানায় চলে যান। মিনারুলকে কোনো ধরনের আঘাত করেননি এবং কোনো সোর্স তাঁকে দেখিয়ে দেননি বলে দাবি করেন এএসআই আবদুর রাজ্জাক।