চকরিয়ায় যুবকের মস্তকহীন লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বালুরচর এলাকায় একটি ধানখেত থেকে এক যুবকের মস্তকহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হলেও পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ বলছে, অজ্ঞাত ব্যক্তিটিকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। লাশটি রাস্তার পাশের ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘ভোরে পথচারীরা ধানখেতে মস্তকহীন লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গলা কেটে হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে বলে লাশ শনাক্ত করতে সমস্যা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।