চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নের পালাকাটা রাবার ড্যামসংলগ্ন এলাকা থেকে গতকাল রোববার সকালে মোরশেদ আলম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গত শনিবার রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোরশেদ ওই ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের জহির আহমদের ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সওদাগরঘোনা এলাকায় কয়েকটি ডাকাত দল রয়েছে। একটি ডাকাত দলের সঙ্গে বিরোধের জের ধরে ২০১৫ সালে মোরশেদের বড় ভাই খোরশেদ আলম খুন হন। এ ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন মোরশেদ।
নিহত ব্যক্তির বাবা জহির আহমদ বলেন, খোরশেদের হত্যাকারীরা দীর্ঘদিন ধরে মোরশেদকে হুমকি দিয়ে আসছিল। তারাই কৌশলে মোরশেদকে ডেকে নিয়ে হত্যা করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, মোরশেদের বোন মোরশেদা বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে মহিউদ্দিন ও হুমায়ুন কবির নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।