চকরিয়ায় যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু বক্করকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের মানিকপুর নতুন স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্করের বাড়ি ইউনিয়নের জমিদারপাড়ায়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মানিকপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন যুবলীগের নেতা আবু বক্কর। মানিকপুর নতুন স্টেশন এলাকায় পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাঁকে ধাওয়া করে। এ সময় আবু বক্কর স্টেশনের পাশের একটি ঘরে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেই ঘরের দরজা ভেঙে আবু বক্করকে ধরে উঠানে নিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
আবু বক্করের বড় ভাই আবুল কাশেম বলেন, বিএনপির এক কর্মীর নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
তাঁর দাবি, আবু বক্কর রাজনৈতিক কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন বলেন, আবু বক্করকে এর আগে হত্যার হুমকি দিয়েছিল বিএনপির সন্ত্রাসীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, আবু বক্করের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএনপির মানিকপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আতাহার ইকবাল বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি এখন কক্সবাজার শহরে আছেন। যুবলীগের এক নেতা খুন হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কারা তাঁকে হত্যা করেছে, সে সম্পর্কে তিনি কিছু শোনেননি।