চকরিয়ায় শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ছয় বছরের এক শিশু গত বুধবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়েছে। ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই শিশুর অবস্থা আরও অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে শিশু ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত মো. মিরাজ উদ্দিনকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করে।
শিশুর বাবা বলেন, তাঁর শিশুকন্যাটি দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। ঘটনার দিন সন্ধ্যায় তাঁর মেয়ে তিন শিশুর সঙ্গে খেলা করছিল। ওই সময় মিরাজ উদ্দিন তাঁর মেয়কে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করলে শিশুটি চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে মিরাজ উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার মিরাজ উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।