চকরিয়ায় সমুদ্রপথে পাচারের সময় ১৫ বস্তা সার আটক
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারের সেতু এলাকায় মাতামুহুরী নদী থেকে নৌকায় করে পাচারের সময় ১৫ বস্তা সার আটক করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বিএমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম এসব সার আটক করেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেতুয়া বাজার সেতু এলাকায় নৌকায় সার তোলার সময় স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে খবর দেন। চেয়ারম্যান সেখানে গিয়ে ১৫ বস্তা সারসহ নৌকাটি আটক করেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় নৌকা থেকে জোবাইরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আটক করা সারগুলো বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খুচরা সার ডিলার মো. আলতাফের। তিনি প্রায় সময় সমুদ্রপথে সার পাচার করেন। এভাবে ছোট নৌকায় করে সারগুলো ভরে সমুদ্র চ্যানেলে নিয়ে বড় ট্রলারে তুলে দেন। এরপর সার মিয়ানমারে পাচার করা হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে খুচরা সার ডিলার মো. আলতাফের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার, বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, আটক সারগুলো নিলামে তুলতে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, মুচলেকা নিয়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।