চকরিয়ায় সাতটি বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার হাফালিয়াকাটা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে সাতটি বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে এসব বসতবাড়িতে লুটপাট চালায়। গত শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার বিকেলে চকরিয়া প্রেসক্লাবে গুঁড়িয়ে দেওয়া সাত বসতঘরের মালিকেরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আলমের স্ত্রী কাজলী বেগম।
কাজলী বেগম বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল হাসেম ও তাঁর ছেলে মোরশেদ, খোরশেদ, মনছুর আলম এবং ভাই আবুল কালাম ও আবু তাহেরের নেতৃত্বে ৩০-৩৫ জনের সশস্ত্র দল তাঁদের বসতঘরে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা প্রায় ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। গুলির শব্দ শুনে পুরুষ সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেলে দুর্বৃত্তরা একে একে আমির হোসেন, ছৈয়দ হোসেন, আহমদ হোসেন, এজাহার হোসেন, আবদুর রশিদ ও নুরুল আলমসহ সাতজনের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর তারা এসব ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
কাজলী বেগম আরও বলেন, এসব লোকের সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী বলেন, জায়গা জবরদখলের জন্য সাতটি পরিবারের বসতঘর ভেঙে দেওয়ার ঘটনাটি অমানবিক। ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাঁকে বিষয়টি জানিয়েছেন।
সাতটি বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে জায়গাজমির বিরোধ নিয়ে একাধিকবার ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষ কয়েকটি মামলাও করেছে।
এসআই বলেন, এলাকাটি পেকুয়া ও চকরিয়া উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি দুর্গম এলাকা। তাই ঘটনাটি অবগত হলেও তাৎক্ষণিক তাঁরা সেখানে যেতে পারেননি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পাইনি।