চকরিয়ায় স্কুলশিক্ষককে ঘরে ঢুকে গুলি করে হত্যা
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকায় গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে নারায়ণ দাশ (৩৩) নামের এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নারায়ণ দাশ ওই এলাকার প্রফুল্ল রঞ্জন দাশ ওরফে সাঁচি রামের ছেলে এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এমএইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সহকারী শিক্ষক। ঘটনার সময় আহত হয়েছেন তাঁর পরিবারের আরও চারজন।
স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে টিনের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে ১২-১৫ জন মুখোশ পরা দুর্বৃত্ত। ওই সময় শিক্ষক নারায়ণ দুর্বৃত্তদের সঙ্গে তর্কে জড়ালে দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাবা প্রফুল্ল রঞ্জন দাশ (৬৮), মা চঞ্চলা দাশ (৬৫), ছোট ভাই শংকর দাশ (২৮) ও ভাতিজি দীপা দাশকে (২) পিটিয়ে আহত করে। গুলির শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নারায়ণ দাশকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু ঘটে।
আহত প্রফুল্ল রঞ্জন দাশ বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে অনুসন্ধানপূর্বক এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে নারায়ণ দাশকে গুলি করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তারে অভিযানও চলছে।