চকরিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরশেদ আলমকে (৪০) পিটিয়ে জখম করা হয়েছে।
মোরশেদ আলমের অভিযোগ, শনিবার রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে এক বক্তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গারে বাধা দেওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কিল্লারপাড়া এলাকায় একটি সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে একজন বক্তা আওয়ামী লীগ ও ব্লগারদের বিরুদ্ধে কথা বলা শুরু করেন। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরশেদ আলম ওই বক্তাকে প্রসঙ্গ পাল্টিয়ে কথা বলতে বললে আয়োজক কমিটির লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলামের মধ্যস্থতায় বক্তা প্রসঙ্গ পাল্টালে মাহফিল আবারও শুরু হয়।
মোরশেদ আলম বলেন, ‘ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় আয়োজকদের কয়েকজনের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোববার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় সাত-আটজন ব্যক্তি রড ও হাতুড়ি নিয়ে আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।’
ইউপি চেয়ারম্যান বলেন, মাহফিলে কথা-কাটাকাটির জের ধরে মোরশেদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, এই ঘটনায় মোরশেদ আলম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।