চকরিয়ায় হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ইউনুছ আহমদ (৪০), ফরিদুল আলম (৩৫) ও মো. ফরিদ (৫০)। তাঁদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ভাঙাপাড়ায় দুই একর ধানি জমি নিয়ে পাশের চরপাড়া গ্রামের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। গতকাল ইউনুছ তাঁর লোকজন নিয়ে জমিতে কাজ করতে যান। এ সময় নাসির উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় ১৫ থেকে ২০টি ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির আওয়াজ শুনে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ধাওয়া দিলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

তবে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে নাসিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।