চকরিয়ায় 'অপহৃত' সেই ছৈয়দ আহমদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ‘অপহৃত’ সেই ছৈয়দ আহমদকে উদ্ধারের পর গতকাল শুক্রবার বিকেলে অন্য একটি মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ছৈয়দ আহমদের বিরুদ্ধে ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আগের দিন বৃহস্পতিবার লামা উপজেলার ফাইতং কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে অপহৃত হওয়ার সাত মাস ১৪ দিন পর উদ্ধার করে চকরিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।
গতকাল উদ্ধার হওয়া ছৈয়দ আহমদ চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে পুলিশ তাঁকে মারামারির মামলায় গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ৩০ মার্চ চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার নিজ বাড়ির সামনে থেকে ছৈয়দ আহমদ অপহৃত হন। তাঁকে অপহরণের অভিযোগ এনে গত ১২ এপ্রিল তাঁর স্ত্রী রেজিয়া বেগম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, ছৈয়দ আহমদের এক ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগের নেতা ফজলুল করিম ওরফে সাঈদীর জায়গা নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে অপহরণের ঘটনাটি সাজানো হয়। মামলায় ফজলুল করিম ছাড়াও তাঁর বাড়ির ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের আসামি করা হয়। অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর থেকে প্রায় সময় ছৈয়দ আহমদকে রাতের আঁধারে তাঁর বাড়িতে আসা-যাওয়া করতে দেখা যেত। ওই সময় বিভিন্নভাবে বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশ তাঁকে আটক করতে কোনো ব্যবস্থা নেয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোছাইন বলেন, উদ্ধারের পর ছৈয়দ আহমদ গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা করা হয়নি। কারণ, ছৈয়দ আহমদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের ধারায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়না রয়েছে। তাই তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।