কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এম এ দাউদ একজন চক্ষুবিশেষজ্ঞ। শরীয়তপুর শহরে তাঁর মালিকানায় দুটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে তিনি বিভিন্ন রোগের অস্ত্রোপচার করেন। তাঁর ভুল অস্ত্রোপচারে গত দুই বছরে ছয় রোগীর মৃত্যু হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতাল ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, এম এ দাউদ ২০০৩ সালে চক্ষুবিশেষজ্ঞ হিসেবে শরীয়তপুর সদর হাসপাতালে যোগ দেন। এরপরই তিনি হাসপাতালের কাছাকাছি ‘সেফ ডেলিভারি ক্লিনিক’ ও ‘শরীয়তপুর নার্সিং হোম’ নামে দুটি ক্লিনিক চালু করেন। হাসপাতালে কর্মরত থেকে তিনি ক্লিনিক দুটিতে রোগীদের বিভিন্ন রোগের অস্ত্রোপচার করতে থাকেন। ২০০৯ সালের ২৪ মে তিনি শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বদলি হয়ে যান। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। কর্মস্থলে না থেকে অধিকাংশ সময় তিনি ওই দুটি ক্লিনিকে থাকেন। তাঁর ভুল অস্ত্রোপচারে গত দুই বছরে সদর উপজেলার পূর্ব ডোমসার গ্রামের রাহিলা বেগম, বিনোদপুর গ্রামের ফয়সাল, কোয়ারপুর গ্রামের ইয়াসমিন আক্তার, ভাস্করদি গ্রামের সালমা বেগম, চিতলিয়া গ্রামের সাহাবুদ্দিন ও নড়িয়া উপজেলার মহিশখোলা গ্রামের সুরাইয়া আক্তার প্রাণ হারিয়েছেন। এ ছাড়া তাঁর ভুল অস্ত্রোপচারে অসুস্থ হয়ে নানা জটিলতায় ভুগছে ২০ জন রোগী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসব-বেদনা উঠলে পূর্ব ডোমসার গ্রামের আনিছ উদ্দিন বেপারির স্ত্রী রাহিলাকে ৪ জানুয়ারি শরীয়তপুর নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে এম এ দাউদ তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় মূত্রনালিতে আঘাত লাগলে রক্তক্ষরণ হতে থাকে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পুনরায় অস্ত্রোপচার করে তাঁর জরায়ু কেটে ফেলা হয়। রোগীর অবস্থার অবনতি হলে ৫ জানুয়ারি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোররাতে রাহিলা মারা যান।
আনিছ উদ্দিন বেপারি বলেন, ‘আমি গরিব মানুষ, তাই শরীয়তপুরে স্ত্রীর সন্তান প্রসব করাতে চেয়েছিলাম। আমরা জানতাম না দাউদ সিজার করার চিকিৎসক নন। তাঁর ভুলে আমার স্ত্রী মারা গেছেন।’
বিনোদপুর গ্রামের মালেক বেপারির ছেলে ফয়সাল (১৩) চন্দ্রপুর আলিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পেটের ব্যথা থাকায় তাকে পরিবারের সদস্যরা নিয়ে যায় দাউদের কাছে। শিশুটির অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার দ্রুত অস্ত্রোপচার করতে হবে, এ কথা বলে দাউদ তাকে ‘সেফ ডেলিভারি ক্লিনিক’-এ ভর্তি করার পরার্মশ দেন। গত বছরের ১৯ জুন ফয়সালকে এই ক্লিনিকে ভর্তি করা হয়। পরের দিন দাউদ তার পেটে অস্ত্রোপচার করেন। এ সময় তিনি ভুলে ফয়সালের মূত্রনালি কেটে ফেলেন। তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৫ জুলাই ফয়সাল মারা যায়।
মালেক বেপারি জানান, ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে জানান ফয়সালের অ্যাপেন্ডিসাইটিস হয়নি। দাউদ ভুল অস্ত্রোপচার করেছেন। তাঁর অদক্ষতার কারণে অকালে ছেলেটিকে হারাতে হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের চাপে তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেননি।
এ ব্যাপারে এম এ দাউদ বলেন, ‘শরীয়তপুরে আমিই প্রথম অস্ত্রোপচার থিয়েটার চালু করি। এক যুগেরও বেশি সময়ে আমি এ এলাকায় কয়েক শ মানুষের অপারেশন করেছি। কাজ করতে গেলে ভুলত্রুটি হতে পারে।’
শরীয়তপুরের সিভিল সার্জন নিতীশ কান্তি দেবনাথ বলেন, ‘এম এ দাউদ আমার অধীনে কাজ করেন না। তিনি কীভাবে কর্মস্থল ছেড়ে এখানে থাকেন, আমার জানা নেই। রোগী মারা যাওয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’