চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি 'শিবিরের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা দুটি ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে না দেওয়ায় আজ রোববার থেকে লাগাতার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মেইলে এ-সংক্রান্ত একটি বিবৃতি পাঠিয়েছেন তাঁরা। তবে বিবৃতিতে কারও স্বাক্ষর কিংবা নাম ছিল না।
বিবৃতিতে হুমকি দিয়ে আরও বলা হয়, অনতিবিলম্বে এ সমস্যার সমাধান না করলে ২৫ অক্টোবর থেকে হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে বৃহত্তর চট্টগ্রামকে অচল করে দিতে বাধ্য হবেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত ৩১ আগস্ট থেকে ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির। দীর্ঘ এ সময়ে দাবি আদায়ে শিক্ষকবাস ও শাটল ট্রেনে হামলা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, পরীক্ষাকাজে ব্যাঘাত ঘটানোসহ নানা সহিংস কর্মকাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় চালানোর অপচেষ্টা করছে। শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পুলিশ দিয়ে পরিচালনা করা সম্ভব নয়। অবিলম্বে বন্ধ হল খুলে দিয়ে বৈধ ছাত্রদের হলে তুলে দিতে হবে।
এ ব্যাপারে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, আমাদের না। আমরা বিবৃতি পাঠাইনি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে।’